আমাদের আমলে শুধু জন্মদিনে হত
এক বাটি পায়েস,
মায়ের হাতে রান্নাকরা।
উৎসব বলতে
বার মাসে তেরো পার্বণ,
লক্ষীপুজোয় খিচুড়ি
ভরে যেত উঠোন আত্মীয়দের নিয়ে। আর হত
দশমীর নারকেল নাড়ু
পকেটে লুকিয়ে রাখা,
আর বিশেষ অনুষ্ঠানে ভোজ।
আজকাল জন্মদিন মানে
রেস্টুরেন্টের খাওয়া
কেক কাটা,
মোমবাতির ধোঁয়ার আগে
মোবাইলের ক্যামেরা
প্রতি পদে পদে
ভিডিও, ফটো,
ইনস্টাগ্রামে স্মৃতি রাখা
মুহূর্তের রেকর্ড ।
রেকর্ড থাকে হাসি ভালোবাসা।
এরপর কী আসবে?
হয়তো ভার্চুয়াল আলিঙ্গন,
ডিজিটাল আশীর্বাদ,
এআই বানানো স্মৃতি—
যেখানে মানুষ থাকবে কম,
ডেটা থাকবে বেশি।
তারপর?
হয়তো আবার
এক বাটি পায়েসের খোঁজ,
ক্যামেরা ছাড়া,
রেকর্ড ছাড়া—
শুধু মানুষ,
আর একটু নীরব সুখ।
Comments
Post a Comment